আকস্মিকভাবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস পরিদর্শনে এসেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। অফিস নির্ধারিত সময়ে ভূমি অফিসের কার্যালয় তালাবদ্ধ অবস্থায় দেখতে পান তিনি। এ সময় কোনও কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে হাজির হয়নি। এতে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে হাজির হয়ে তিনি এই দৃশ্য দেখেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পরে সকাল ৯টা ৫ মিনিটে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভূমি কার্যালয়ে এসে উপস্থিত হন। তখনও অফিসের দরজায় তালা ঝুলছিল এবং দায়িত্বপ্রাপ্ত কেউ কর্মস্থলে আসেননি। প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর এক ব্যক্তি এসে কার্যালয়ের তালা খুললে প্রতিমন্ত্রী ভেতরে প্রবেশ করেন। কিন্তু তখনও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত হননি। এ সময় তিনি একজন সেবা প্রত্যাশীর সঙ্গে কথা বলেন।
এ বিষয়ে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল গণমাধ্যমকে বলেন, অফিস টাইম সকাল ৯টায়, কিন্তু এখন সকাল ৯টা ২০ মিনিট- এখন পর্যন্ত কেউ অফিসে আসেনি। ৯টার পরে ওনারা কেন অফিস খুলবেন? এটা কোনভাবেই কাম্য নয়। বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রথম দায়িত্ব দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভূমি অফিসগুলোতে বিদ্যমান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ চিহ্নিত করা হচ্ছে। দেশের বিভিন্ন ভূমি অফিস নিয়ে মানুষের অভিযোগ রয়েছে। সেবাদানকারী কর্মকর্তা ও সেবাগ্রহীতাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে কোন কাজ কত দিনে হবে বা কীভাবে সম্পন্ন হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া হয় না।
সারা দেশে আকস্মিক ভিজিট অব্যাহত থাকবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জনগণকে সেবা দেওয়ার জন্য আমরা যথাযথভাবে কাজ করে যাচ্ছি। সেই লক্ষ্যে আজ এখানে আকস্মিক ভিজিট করেছি। এ ছাড়া সারা দেশে একইভাবে আকস্মিক ভিজিট অব্যাহত থাকবে।