ফরিদপুরের মধুখালীতে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মো. লুৎফর রহমান (৪৭) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। পাশাপাশি সদরের ডিগ্রিরচর ইউনিয়নে বজ্রাঘাতে আজাহার শেখ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার মধুখালীর আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। লুৎফর রহমান আড়পাড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পেশায় কৃষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, লুৎফর রহমান রাজনীতির পাশাপাশি কৃষিকাজ করতেন। শুক্রবার দুপুরে বাড়ির পাশে মাঠের জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুজ্জামান বাবু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লুৎফর রহমান স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বাড়ির পাশে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।’
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, ‘বজ্রাঘাতে একজনের মৃত্যুর খবর জানতে পেরেছি।’
এদিকে ফরিদপুরের কোতোয়ালি থানার ডিগ্রির চর ইউনিয়নে বজ্রাঘাতে আজাহার শেখ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের দিকে আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাহার শেখ একই এলাকার মৃত হাতেম শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ ঝড়-বৃষ্টি ও বজ্রাঘাত শুরু হলে বাড়ির পাশের ফাঁকা মাঠে বাঁধা গরু আনতে যান আজাহার শেখ। গরু নিয়ে ফেরার পথে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।