বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, স্বাধীনতার এত বছর পর গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত বাংলাদেশ নিয়ে কোনও প্রশ্ন ওঠার কথা ছিল না। কিন্তু আমরা যা আজ দেখছি, তা হলো স্বাধীনতাবিরোধী শক্তির উত্থান। আমরা দেখছি, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয় নাই। অসাম্প্রদায়িক এবং শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও পর্যন্ত অধরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।
রুহিন হোসেন প্রিন্স বলেন, ২৬ মার্চ যখন আমরা এই দিবসটি পালন করছি, দেখছি এ ক্ষেত্রে উগ্র দক্ষিণপন্থি শক্তির উত্থান। আমরা দেখতে পাচ্ছি, স্বাধীনতাবিরোধী শক্তি আজ আস্ফালন করছে। বিগত অন্তর্বর্তী সরকারের সময় মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্যের প্রতি আক্রমণ চালানো হয়েছে।
তিনি বলেন, আমাদের প্রত্যাশা, যারা ক্ষমতায় আছেন, যারা মুক্তিযুদ্ধের কথা বলেন, তারা মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য পুনরুদ্ধারে উদ্যোগ নেবেন। স্বাধীনতাবিরোধী অপশক্তিকে দমনে ভূমিকা পালন করবেন।
তিনি আরও বলেন, আমি তাদের কাছে সব প্রত্যাশা করছি না, কিন্তু দেশবাসী এবং সচেতন মানুষের কাছে এই আহ্বান জানাই আসুন, আমরা আরেকবার মুক্তিযুদ্ধের মূল চেতনায় জাগ্রত হই। স্বাধীনতাবিরোধী অপশক্তিকে পরাভূত করি, পরাজিত করি। একইসঙ্গে গণতন্ত্র, অসাম্প্রদায়িক এবং শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে নীতিনিষ্ঠ জায়গা থেকে আমরা এগিয়ে যাই। এটাই আমাদের মূল প্রত্যাশা।