স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর গেলো

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‌‘একটি স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর আমরা পার করেছি। ৫৫ বছরও একটা স্বাধীন জনগোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারিনি আমরা। কারণ যখনই যারা সরকারে গেছে, বিপরীত অবস্থান নিয়েছে তারা।’ বৃহস্পতিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, ‘একাত্তরের স্বাধীনতার ঘোষণাপত্রে বাংলাদেশের জনগণের জন্য সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছিল। এগুলো মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ও রাষ্ট্রীয় মূলনীতি। ৫৫ বছরেও সেটা আমরা অর্জন করতে পারিনি। উল্টো বলতে পারেন, তার বিপরীত পথে বাংলাদেশ হাঁটছে। আমাদের যখনই যারা সরকারে গেছে, যে কথা বলে তারা সরকারে গেছেন ক্ষমতায় যাওয়ার পরে তারা বিপরীত অবস্থান তারা গ্রহণ করেছে। গণতন্ত্রের পরিবর্তে কর্তৃত্ববাদী শাসন সাম্যের পরিবর্তে নিষ্ঠুর অমানবিক একটা শোষণ প্রতিষ্ঠিত করেছে তারা। বলতে পারেন যে একটা কর্তৃত্ববাদী শাসন ফ্যাসিবাদী দুঃশাসন জনগণের বুকের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এবার বিএনপির নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে আমি বিশ্বাস করতে চাই, একটা গণতান্ত্রিক প্রগতিশীল অসাম্প্রদায়িক এবং একটা বহুত্ববাদী রাষ্ট্র গঠনের সুযোগ আমাদের জন্য তৈরি হয়েছে। তারেক রহমান যদি এই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বহুত্ববাদী রাষ্ট্র সমাজের দিকে এগিয়ে যেতে পারেন, তাহলে মনে করবো, বাংলাদেশ সঠিক পথে হাঁটতে পারবে।’