পেট্রল মজুত থাকার পরও বিক্রি না করায় ৫০ হাজার টাকা জরিমানা

পেট্রল মজুত থাকার পরও বিক্রি না করায় ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে হোসেন ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়ার নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব রহমান আকাশ এ অভিযান চালান। 

জেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম জানান, হোসেন ফিলিং স্টেশনে অভিযান চালানোর সময় পাম্পটি বন্ধ পাওয়া যায়। তখন পাম্পে সাত হাজার লিটার পেট্রল, ছয় হাজার ৫০০ লিটার অকটেন ও ১৪ হাজার ৫০০ লিটার ডিজেল মজুত থাকা সত্ত্বেও বিক্রি না করার সত্যতা পাওয়া যায়। এজন্য স্টেশনের ম্যানেজার সাবির চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ওই পাম্পের তেল বিক্রির ব্যবস্থা করা হয়।’ 

এ ছাড়া খুলনা মহাসড়কের পাশে রয়েল ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, শুধু ডিজেল বিক্রি করা হচ্ছে। পেট্রল ও অকটেন বিক্রি বন্ধ ছিল। যাচাই করে দেখা যায়, তিন হাজার ৫০০ লিটার পেট্রল, তিন হাজার ৪০০ লিটার অকটেন ও ১৯ হাজার লিটার ডিজেল মজুত রয়েছে। এ অবস্থায় পাম্পের মালিক ও ম্যানেজার মেশিনের সমস্যা উল্লেখ করে ক্ষমা চাওয়ায় জরিমানা করা হয়নি বলেও জানান তিনি।