নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলিয়া এলাকার কার্নিভাল ক্রু ঘাট সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২৫-২৬ হবে। তবে পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শিমুলিয়া কার্নিভাল ক্রু ঘাটের পাশে নদীতে একটি লাশ ভাসতে দেখতে পান স্থানীয় লোকজন। সেটির অবস্থা অস্বাভাবিক হওয়ায় তারা কাছে গিয়ে নিশ্চিত হন এটি একটি মানুষের দেহ। পরে দ্রুত বিষয়টি ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়িতে জানানো হয়।
খবর পেয়ে ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নদী থেকে লাশটি উদ্ধার করে। লাশটি ছিল অর্ধগলিত অবস্থায়, যার শরীরের বিভিন্ন অংশ পচে গলে গেছে এবং চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ চিত্ত রঞ্জন বলেন, ‘লাশ অর্ধগলিত। দেখে ধারণা করা হচ্ছে অন্তত চার-পাঁচ দিন আগে পানিতে ফেলা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কারণে মৃত্যু, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ বিভিন্ন দিক বিবেচনা করে কাজ করছে। পিবিআইকে জানানো হয়েছে। এ ছাড়া আশপাশের থানাগুলোতেও কোনও নিখোঁজ ব্যক্তির তথ্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’