গোপালগঞ্জে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল না পেয়ে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকরা। এতে ঢাকা-খুলনা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে গোপালগঞ্জ পৌরসভার মান্দরতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। তবে পুলিশের হস্তক্ষেপে এক ঘণ্টা পর অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নিগি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল ৯টা থেকে রাত আড়াইটা পর্যন্ত কর্মচারীরা বিরতিহীন কাজ করেন। অতিরিক্ত কাজের চাপে তারা আজ সকালে কাজে যোগ দেননি। কর্মচারী সংকটে সকাল থেকে ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ ছিল। এতে অপেক্ষমাণ চালকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বেলা আড়াইটার দিকে তারা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের বুঝিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে সড়ক থেকে সরিয়ে দেয়। এতে যান চলাচল স্বাভাবিক হয়।
চালকরা জানিয়েছেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তারা তেল পাননি। বারবার অনুরোধ করেও পাম্প কর্তৃপক্ষের কাছ থেকে জ্বালানি না পেয়ে বাধ্য হয়ে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ এবং ফারদিন খান প্রিন্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেল সরবরাহ কার্যক্রম তদারকি করেন। জ্বালানি সরবরাহ শুরু হলে পরিস্থিতি শান্ত হয়।
নিগি ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী লফিজুর রহমান বলেন, ‘বিকাল সাড়ে ৩টার দিকে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক নিজে তেল দেওয়া শুরু করেন। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়।’
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।’