আশুলিয়ায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিমেল মীর গ্রেফতার

ঢাকার আশুলিয়া এলাকা থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত হিমেল মীরকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। বুধবার (১৫ এপ্রিল) আশুলিয়া থানার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে র‍্যাব জানিয়েছে।

বুধবার মধ্য রাতে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির। গ্রেফতার হিমেল মীর (২৬) আশুলিয়ার জামগড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব-৪ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়া ও আশপাশের এলাকায় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, হিমেল ও তার সহযোগীরা দেশীয় ও বিদেশি অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি, মারধর ও প্রাণনাশের হুমকি দিতেন। এ ছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, বাড়িঘর টার্গেট করে চুরি-ডাকাতি এবং মহাসড়কে বাস, ট্রাক ও পণ্যবাহী কাভার্ডভ্যানে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তার বিরুদ্ধে আশুলিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতার হিমেল মীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।