ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুরের কাপাসিয়ায় ছেলের এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি করতে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন কামাল হোসেন (৫০) নামের এক ব্যবসায়ী। ছিনতাইকারীরা মাথায় আঘাত করে রক্তাক্ত করেছে। এ সময় তার কাছে থাকা সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ঘাগটিয়া চালা বাজার-মনোহরদীর সড়কের বরকতকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

কামাল হোসেন কাপাসিয়া উপজেলার বরকতকান্দা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় ঘাগটিয়া চালা বাজারের ওষুধ ব্যবসায়ী। ছিনতাইয়ের ঘটনায় রাসেল মিয়া (৩০), শাহিন মিয়া (২৮) এবং শাকিল মিয়াকে (২৮) আসামি করে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

কামাল হোসেন বলেন, ‘সকালে ডাচ্-বাংলা ব্যাংকে সাড়ে ৫ লাখ টাকা জমা রাখতে এবং ছেলের পরীক্ষার প্রবেশপত্র ফটোকপি করার জন্য মোটরসাইকেলে মনোহরদী যাচ্ছিলাম। ঘাগটিয়ার চালা বাজার-মনোহরদীর সড়কের বরকতকান্দা এলাকায় পৌঁছালে ছিনতাইকারী রাসেল মিয়া ও শাহিন মিয়া মোটরসাইকেলের গতিরোধ করে আমাকে লোহার রড দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অপর ছিনতাইকারী শাহিন মিয়া আমার প্যান্টের পকেট থেকে সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের সঙ্গে তাদের আরও এক সহযোগী ছিল। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মাথায় একাধিক সেলাই দিয়ে বিশ্রামে থাকার পারমর্শ দিয়েছেন। এ সময় আমার সঙ্গে থাকা ছেলের প্রবেশপত্র রক্তে ভিজে যায়। প্রবেশপত্র পুনরুদ্ধারে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করেছি।’ 

মনোহরদী মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাছে প্রবেশপত্র নিয়ে যাওয়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান আহত কামাল হোসেনের এসএসসি পরীক্ষার্থী ছেলে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা করে ছিনতাইয়ের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। এটি ছিনতাই নাকি অন্য কিছু ঘটনার তদন্ত চলছে।’