কার্গো জাহাজের ধাক্কায় লবণ বোঝাই জাহাজডুবি

শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লবনসহ একটি জাহাজডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিক সুকানি রশিদ মিয়ার (৪৮)   লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার রাত ৮টায় শীতলক্ষ্যা নদীতে তার লাশ ভেসে উঠে। রশিদ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরপাগলা গ্রামের বাসিন্দা।
ডুবে যাওয়া লবণ বোঝাই জাহাজের সারেং আলতাফ হোসেন জানান, গত শুক্রবার রাতে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ২৫০ টন অপরিশোধিত লবণ বোঝাই করে তাদের “এমভি জাহেদা” চট্রগ্রামের বাশঁখালী থেকে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকার ত্রিস্টাল সল্ট মিলের পথে রওয়ানা দেয়। লবণ বোঝাই কাঠের জাহাজটি শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকা অতিক্রম করার পথে স্থানীয় সিটি ওয়েল মিলের নিজস্ব কার্গো জাহাজ ‘এমভি সিটি-৩৪’ তাদের জাহাজে সরাসরি এসে ধাক্কা মারে। এতে লবণ বোঝাই জাহাজটিসহ জাহাজে থাকা ৮ নাবিক-শ্রমিক শীতলক্ষ্যা নদীর পানিতে ডুবে যায়।

পরে ডুবে যাওয়া লোকজন সাঁতরিয়ে বিভিন্ন এলাকা থেকে উঠে গেলেও রবিবার দুপুরে সুকানি রশিদ মিয়াকে পাওয়া যায়নি। পরে রাত ৮টার দিকে তার ভেসে যাওয়া লাশ সনাক্ত করা হয়।

ফায়ার সার্ভিস হেড কোয়ার্টারের স্টেশন অফিসার সারোয়ার খান জানান, রবিবার বিকাল ৩টায় ডুবে যাওয়া জাহাজটির অবস্থান সনাক্ত করা গেছে। তবে জাহাজটি উদ্ধারের জন্য আরও সময় লাগবে।

রূপগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

/এআর/