প্রবাসী স্বামীকে বিদায় জানাতে গিয়ে লাশ হলেন স্ত্রী

দুবাই প্রবাসী স্বামীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এগিয়ে দিতে যাওয়ার পথে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন স্ত্রী। ওই নারীর নাম মমতাজ বেগম। এ ঘটনায় নিহতের প্রবাসী স্বামীসহ একই পরিবারের কমপক্ষে আট জন ও চালক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনীর নিজ বাড়ি থেকে দুবাই প্রবাসী লিটন মিয়াকে বিদায় জানাতে পরিবারের সদস্যরা মাইক্রোবাসে সঙ্গে রওনা দেন। গাড়িটি সিরাজদিখান উপজেলার কুসুমপুর বৌবাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিমিষেই যাত্রীবাহী মাইক্রোবাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা দ্রুত উদ্ধারে নেমে পড়েন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান জোরদার করে বলে জানান মুন্সীগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সফিকুল ইসলাম।

উদ্ধারকারীদের সহায়তায় আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক মমতাজ বেগমকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনায় মাইক্রোবাসের চালকসহ বাকি ৯ যাত্রী কম-বেশি আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুই জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত দুবাই প্রবাসী লিটন জানান, এক মাস দেশে ছুটি কাটিয়ে আজ সন্ধ্যায় দুবাই ফিরে যাওয়ার কথা ছিল। দেশে সড়কে এই অব্যবস্থার কারণে এই দুর্ঘটনায় স্ত্রীকে হারালাম। যাদের জন্য প্রবাসে থাকি, এখন আমি কীভাবে যাবো?

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে যোগ দেয় ফায়ার সার্ভিস। মাইক্রোবাসে ১১ যাত্রীর মধ্যে ১০ জন জীবিত উদ্ধার হয়েছে। তাদের উদ্ধার করে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।