কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে টহল শুরু করেছে সেনাবাহিনী। এ ছাড়া জেলার গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (২২ জুন) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত জেলায় সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গোপালগঞ্জসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের সেনানিবাস থেকে সেনাবাহিনী সদস্যরা গোপালগঞ্জে এসে পৌঁছায়। এরপর টহল শুরু হয়। তবে টহলে সেনাবাহিনীর কত প্লাটুন বা কতজন সেনাসদস্য রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারেন, সেজন্য গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করেছে পুলিশ। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ সেনাবাহিনী পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক বলেন, ‘গোপালগঞ্জে যেন কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আমরা সর্বদা সজাগ রয়েছি।’