শরীয়তপুরের গোসাইরহাটে বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২২ জুন) মধ্যরাতে উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়, দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ফুটবল খেলা দেখেন স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা। খেলা শেষে তারা চলে গেলে ক্লাবের কক্ষে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা। এ সময় তারা নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন কার্যালয়ের বাইরে ফেলে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেলে বাজারের পাহারাদাররা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তারা পানি দিয়ে আগুন নেভান। বিষয়টি নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে উপজেলা নেতাকর্মী ও পুলিশকে জানান। তবে আগুনে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। পুরাতন চেয়ার ও ফেস্টুনের কিছু অংশে পুড়ে গেছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদ বলেন, আমি কিছুক্ষণ আগে স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে খবর পেয়েছি। নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে কে বা কারা অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। আমরা ধারণা করছি, আমাদের বিরোধী দলের লোকজন এটি ঘটাতে পারে। আমরা এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। দল থেকে একটি সাধারণ ডায়েরি করা হবে।
এ বিষয়ে গোসাইরহাট থানার ওসি বোরহান উদ্দিন বলেন, নলমুড়ি ইউনিয়ন বিএনপি স্থানীয় একটি কার্যালয়ে অগ্নিসংযোগ করার খবর পেয়েছি। আমরা এখন পর্যন্ত কোনও অভিযোগ পাইনি। বিষয়টি খতিয়ে দেখছি।