৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় করা মামলার প্রধান আসামি বিদেশ সরকারকে (৫৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২৩ জুন) ভোর রাতে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার দশুলিয়া গুচ্ছগ্রাম এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

দুপুরে র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।

গ্রেফতার বিদেশ সরকার ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের লালারটেক এলাকার মৃত বাবু লাল সরকারের ছেলে। সে তামা-কাশার দোকানে কাজ করে, পাশাপাশি বাংলা মদ বানিয়ে বিক্রি করতো বলেও জানান স্থানীয়রা।

র‍্যাব জানায়, আশুলিয়ার লালারটেক এলাকার ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। গত ১৭ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পর বিদেশ সরকারের ছেলের সঙ্গে শিশুটি খেলতে যায়। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে বিদেশ সরকার শিশুটিকে পাশের রনজিৎ সরকারের বাড়ির একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। পরে শিশুটি ঘটনা তার পরিবারের সদস্যদের জানালে তার বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় জানান, অভিযোগ পাওয়ার পরপরই আসামিকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্তের মাধ্যমে র‌্যাব-৪, র‌্যাব-১ এবং র‌্যাব-১৩ এর একটি যৌথ আভিযানিক দল গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানাধীন দশুলিয়া গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।