জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘একটি দল একনায়কতন্ত্র কায়েম করতে গিয়ে হেলিকপ্টারে দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। এখন বিএনপিও একদলীয় শাসনের পথে হাঁটছে। সংসদে ও সংসদের বাইরে আমাদের কথা বলতে দিচ্ছে না। হামলা ও ভয় দেখিয়ে আমাদের কার্যক্রম সংকোচিত করার চেষ্টা করছে।’
মঙ্গলবার (৭ জুলাই) বিকালে টাঙ্গাইলের সখীপুর তালতলা চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ ও প্রকৃত দোষীদের বিচারের দাবি করে নিরাপদ ব্যক্তি, ব্যবসায়ীদের মামলা দিয়ে বাণিজ্য, লুটপাট এবং হামলা না করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, ‘বিএনপি দেশে কোটি মানুষের কর্মসংস্থান তরির কথা বলেছিল। কিন্তু বিগত চার মাসে তারা কোনও কর্মসংস্থান করতে পারেনি। এ ছাড়া বাজেটেও কর্মস্থান সৃষ্টির কোনও রূপরেখা নেই।’
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি, লোডশেডিং, বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি তেলের দাম না কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সীমান্ত হত্যা ও ভারতের পুশইন বিষয়ে বাংলাদেশের নাজুক অবস্থার কথা তুলে ধরে বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেন তিনি।
একই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর বাংলাদেশে বিরুদ্ধে পুশইন বিষয়ে বক্তব্যে ও কার্যক্রম দেশের সার্বভৌমত্বের প্রতি চরম হুমকি বলে মন্তব্য করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সমাবেশে সখীপুর উপজেলা এনসিপির আহ্বায়ক ফরিদ সিকদার জিয়ার সভাপতিত্বে এবং সদস্যসচিব মাওলানা আনছার আলীর সঞ্চালনায় বক্তব্য দেন দলের সিনিয়র যুগ্ম প্রধান সংগঠক ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এদিকে সখীপুরের পদযাত্রা শেষে সন্ধ্যার পর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে পদযাত্রা ও নিরালা মোড়ে সংক্ষিপ্ত পদসভায় অংশ দেন তারা।