আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী

কোনও ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সালিপুর এলাকার রাতনপুরে করণী ফ্যাশনস লিমিটেডের গার্মেন্টস শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী শনিবার (১১ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকরের ঘোষণাও দিয়েছেন মালিকপক্ষ।

এর আগে গত বৃহস্পতিবার (৯ জুলাই) কারখানার মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও কমপ্লায়েন্স) আশিক ফেরদৌস স্বাক্ষরিত নোটিশে কারখানা বন্ধের আদেশ দেওয়া হয়। শ্রমিকরা জানিয়েছেন, কারখানাটিতে প্রায় আট হাজার শ্রমিক কর্মরত রয়েছেন। এর মধ্যে গার্মেন্টস শাখায় কাজ করেছেন কয়েক হাজার শ্রমিক। তবে কত হাজার কাজ করছেন, তা নির্দিষ্ট করে জানাতে পারেননি শ্রমিকরা। আনুমানিক তিন হাজার হবে বলে জানিয়েছেন কয়েকজন। শনিবার সকালে কর্মস্থলে এসে বন্ধের নোটিশ দেখতে পান তারা।

নোটিশে উল্লেখ করা হয়, গত বুধবার (৮ জুলাই) বিকাল থেকে কোনও ধরনের পূর্ব অবগতকরণ ছাড়াই করণী ফ্যাশনস লিমিটেড (গার্মেন্টস) শাখার শ্রমিকরা উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন। পরদিন বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে শ্রমিকরা কারখানার প্রবেশ করে ওই দিনও উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন। একাধিকবার কারখানা কর্তৃপক্ষ তাদের অনুরোধ করা সত্ত্বেও তারা উৎপাদন কাজ শুরু করেননি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শ্রমিকদের দ্বারা বে-আইনি ধর্মঘটের কারণে কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ধারা ১৩ (১) অনুযায়ী পরবর্তী কর্মদিবস শনিবার (১১ জুলাই) থেকে কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে পরবর্তী সময়ে কর্তৃপক্ষ নোটিশের মাধ্যমে খোলার তারিখ সবাইকে জানিয়ে দেবে। তবে, করণী ফ্যাশনস লিমিটেডের নিটিং সেকশন এবং একই মালিকানাধীন অন্যান্য কারখানার জন্য এই বন্ধের নোটিশ প্রযোজ্য হবে না।

তবে শ্রমিকদের দাবি, মালিকপক্ষ প্রতি মাসের বেতন একসঙ্গে পরিশোধ না করে ধাপে ধাপে দেওয়ায় বাসা ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তারা। প্রতিবাদে উৎপাদন কার্যক্রম থেকে বিরত ছিলেন তারা।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম বলেন, ‘করণী ফ্যাশনস লিমিটেড শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অথচ শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি। শ্রমিকরা অনিয়মের প্রতিবাদ করায় কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ।’

এ ব্যাপারে জানতে করণী ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজবাউর রহমান খানের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘গত কয়েকদিন ধরেই কারখানাটিতে শ্রমিক অসন্তোষ চলছিল। কারখানা বন্ধ ঘোষণার পর কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা, সে বিষয়ে খোঁজখবর নিচ্ছে পুলিশ।’

এর আগে গাজীপুর নগরের কোনাবাড়ীর জরুন এলাকায় শ্রমিক অসন্তোষের অভিযোগে ইসলাম গার্মেন্টস লিমিটেড (ইউনিট-২) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১ জুলাই সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে বন্ধের নোটিশ দেখতে পান।