কালবৈশাখী ঝড় ও বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
রবিবার (১২ জুলাই) ভোররাত ৫টা থেকে দুর্ঘটনা এড়াতে সব ধরনের ফেরি ও নৌযান চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন।
তিনি জানান, নদী অববাহিকায় দমকা ও ঝড়ো হাওয়া শুরু হয়। পরে বৃষ্টি ও ঝড়ের তীব্রতা বাড়লে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। আবহাওয়া অনুকূলে এলে দ্রুত ফেরি চলাচল আবার শুরু করা হবে।
বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১২টি ফেরি চলাচল করছে এবং দৌলতদিয়া ঘাটে ৫টি ফেরি নোঙর করে রাখা হয়েছে বলে জানান তিনি।
এদিকে হঠাৎ ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পার হতে আসা কিছু যানবাহন ও যাত্রী আটকা পড়েছে।