গাজীপুরের টঙ্গীতে সাত বছরের শিশুকে ধর্ষণে জড়িত অভিযোগে ব্যক্তিকে গ্রেফতার এবং বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শুক্রবার রাত সাড়ে ৭টা থেকে ৯টা টঙ্গীর মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত বাস, ট্রাক, কভার্ড ভ্যান, অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত যানবাহন। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে বিকল্প পথে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।
স্থানীয় বাসিন্দা পলাশ মণ্ডল বলেন, গত ১২ জুলাই সকাল ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে শিশুটিকে চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বিপ্লব নামের এক ব্যক্তি বাড়িতে নিয়ে যায়। পরে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে বিপ্লব পালিয়ে যায়।
পরিবারের অভিযোগ, ঘটনার পর এলাকাবাসী বিপ্লবকে আটক করলেও প্রভাবশালী একটি মহলের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয়। তাদের দাবি, একটি চক্র অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
শিশুটির মা অভিযোগ করে বলেন, ঘটনার পর থানায় অভিযোগ জানাতে গেলে তাকে ও তার শিশুকন্যাকে গভীর রাত পর্যন্ত রাখা হয় এবং বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘ সময় পার হলেও মামলার প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, “একটি শিশুর সঙ্গে এমন ঘটনার পরও যদি মামলা নিতে দেরি হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আসামিকে খুঁজে বের করে গ্রেফতার করা পুলিশের দায়িত্ব।”
এ ঘটনার বিচার দাবিতে আজ সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। দ্রুত আসামির গ্রেফতার ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন এলাকাবাসী।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, “আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে পুলিশের কোনও গাফিলতি নেই। অভিযান অব্যাহত রয়েছে, যেকোনো সময় তাকে গ্রেফতার করা সম্ভব হবে।”