ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২

নারায়ণগঞ্জে ছাত্রশিবিরের ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানে পটকা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। তবে এতে কেউ হতাহত হননি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহানগর ছাত্রশিবির আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন—সোনারগাঁ উপজেলার নাজিরপুর এলাকার গোলজার হোসেনের ছেলে মোখলেস এবং ফতুল্লার গাবতলী এলাকার শাহ আলম সরদারের ছেলে লোকমান।

স্থানীয় সূত্র জানায়, অনুষ্ঠান চলাকালে শহীদ মিনারের পেছনের একটি তেল পাম্পের দিক থেকে দুই যুবক দর্শকদের লক্ষ্য করে পটকা নিক্ষেপ করেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান দাবি করেন, অনুষ্ঠান পণ্ড করার উদ্দেশ্যেই পটকা নিক্ষেপ করা হয়েছে। তার ভাষ্য, আটক দুই যুবক নিজেদের আজমেরী ওসমানের অনুসারী বলে পরিচয় দিয়েছেন।

তবে পুলিশ এখনও তাদের কোনও রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেনি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, “অভিযুক্ত দুজনকে থানায় আনা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় ও ঘটনার উদ্দেশ্য তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে।”