প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি নেতাদের নিয়ে কটূক্তির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
শনিবার (১ আগস্ট) বিকালে শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন তিনি।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে মহানগর বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করছি। ভবিষ্যতে তিনি যদি নারায়ণগঞ্জে পা রাখার দুঃসাহস দেখায়, তাহলে আমরা তাকে প্রতিহত করবো। ওদের মতো তেলাপোকা-ছারপোকার কথায় বিএনপি ও সফল রাষ্ট্রনায়ক তারেক রহমানের কিছু যায় আসে না। কিন্তু আমাদের দায়িত্ব এর প্রতিবাদ করা, সেই দায়িত্ব থেকে আমরা প্রতিবাদে নেমেছি। আর সফল রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নিয়ে যদি তেলাপোকা-ছারপোকারা কিছু বলে আমাদের উচিত পা দিয়ে তাদের পিষিয়ে মেরে ফেলা।
এনসিপি নেতা নাসীরুদ্দীনকে বাটপার উল্লেখ করে তিনি বলেন, এই বাটপার নাসীরুদ্দীন পাটওয়ারী গত ১৭ বছর কোথায় ছিল। একসময় আরএফএলে সেলস এক্সিকিউটিভ হিসেবে চাকরি করতো। লজিং মাস্টারও ছিল।
এনসিপির কেন্দ্রীয় নেতাদের সমালোচনা করে তিনি বলেন, এই আসিফ, নাহিদ ও হাসনাতসহ প্রথম সারির নেতারা প্রত্যেকে ৫ আগস্টের আগে কোথায় ছিল? তারা আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল, তারা ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল। সেই লুঙ্গির নিচ থেকে তারা হঠাৎ বের হয়ে এখন বড় নেতা হয়েছে। অথচ বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ত্যাগ, শ্রম, জেল-জুলুমের ইতিহাসের কথা চিন্তা করলে তো ওদের হাওয়ায় উড়ে যাওয়ার কথা। তোরা আবার বড় বড় কথা বলিস কী করে শয়তান। কোথায় আগরতলা আর কোথায় চকিরতলা।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন অনু, সদস্য আওলাদ হোসেন, রফিক সহ প্রমুখ।