গোপালগঞ্জে পৃথক স্থান থেকে ৩ জনের লাশ উদ্ধার

গোপালগঞ্জ জেলার পৃথক তিনটি স্থান থেকে এক বৃদ্ধসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ আগস্ট) সকালে মুকসুদপুর থেকে এক বৃদ্ধ, কাশিয়ানী উপজেলা থেকে এক কৃষক এবং সদর উপজেলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের সর্দ্দি এলাকায় কুমার নদে পাট ধোয়া শেষে সাঁতরে নদীর অপর পাড়ে যাওয়ার সময় পানিতে তলিয়ে যান বৃদ্ধ মিজানুর রহমান খলিফা। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রবিবার সকালে উপজেলার ভট্টাচার্যকান্দি এলাকায় কুমার নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে।

দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা কাজুলিয়া গ্রামে নিজ ঘর থেকে শান্ত মোল্যা নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, নেশা করতে টাকা না দেওয়ায় শনিবার রাতের যেকোনো সময় ঘরের আড়ার সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহত্যা করে। সকালে শান্তকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ওটা লাশ গোপালগঞ্জ ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

অপরদিকে, কাশিয়ানী উপজেলার শাফলীডাঙ্গা গ্রামে নিজের বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বাবুল মিয়া নামে এক কৃষকের লাশ। নিহতের স্ত্রীর দাবি, বাবুল মাদকাসক্ত ছিলেন। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ গ্রাম বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।