নৌকার প্রচারে হামলা, ক্যাম্প অফিস ভাঙচুর

গোপালগঞ্জগোপালগঞ্জের কাশিয়ানীতে নৌকার প্রচার মাইক ও  নির্বাচনি ক্যাম্প অফিস ভাঙচুর  করেছে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা।  এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও  বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধরা পুলিশ ও স্থানীয়দের ২টি মোটরসাইকেল  ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২১ রাউন্ড গুলি ছোড়ে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত ৯ টার দিকে কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের বেলতলায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গত সেমবার বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী খোকনের সমর্থক তপু শেখ পিঙ্গুলিয়া মাদ্রাসা এলাকায় পোস্টার লাগাতে গেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মশিউর রহমানের সমর্থকরা তাকে মারধর করে।
এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিয়ানী সদরের ১নং ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা নৌকার প্রচার মাইক ভাঙচুর করে। এরপর নৌকার সমর্থকরা দেশিয় অস্ত্র নিয়ে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ওপর হামলার চেষ্টা করে। এ খবর ছড়িয়ে পড়লে বিদ্রোহী প্রার্থীর সর্থকরাও দেশিয় অস্ত্র নিয়ে বেলতলায় অবস্থান নিয়ে নৌকার নির্বাচনি ক্যাম্প অফিস ভাঙচুর করে। এক পর্যায়ে দু’ পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশের একটি ও স্থানীয়দের একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ২১ রাউন্ড গুলি বর্ষণ করে দু’ পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, এখন এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোনও পক্ষই এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন:

কুষ্টিয়ায় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী খোকন অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মশিউর রহমানের লোকজন আমার নির্বাচনি প্রচার কাজে বাধা দিচ্ছে। সমর্থকদের মরাধর করছে।  এখানে নির্বাচনের পরিবেশ নেই। এ ব্যাপারে আমি নির্বাচন কমিশনসহ বিভিন্ন স্থানে অভিযোগ করেছি।  

আওয়ামলীগ মনোনীত প্রার্থী মো. মশিউর রহমান বিদ্রোহী প্রার্থীর অভিযোগ অস্বীকার করে বলেন, কাশিয়ানী আওয়ামীলীগের ঘাঁটি। এখানে নেতা ফ্যাক্টর নয়। মার্কাই ফ্যাক্টর। কাশিয়ানী ইউনিয়নের জনগণ খোকনকে প্রত্যাখ্যান করেছে। ইউনিয়নের ভোটাররা নৌকায়  ভোট দিয়ে আওয়ামী লীগকে বিপুলভাবে বিজয়ী করবেন।

আরও পড়ুন:

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী বৈশাখী ঘোল উৎসব পালিত

/এআর/