গাজীপুরের কড্ডা এলাকায় নির্মাণাধীন একটি বিদ্যুৎকেন্দ্র থেকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন জিহাদ (১৮) নামে এক তরুণ। পরে বাঁচার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন তার সহযোগী।
বুধবার (১৯ আগস্ট) রাতে গাজীপুর সদর থানার কড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, রাতে কামরুল নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার এক বন্ধু বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তিনি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
তিনি বলেন, ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেন কল টেকার কনস্টেবল হিমানীশ বড়ুয়া। বিষয়টি তাৎক্ষণিকভাবে গাজীপুর চৌরাস্তার ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। পাশাপাশি ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার আল আমিন কলার ও ফায়ার সার্ভিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।
ঘটনা সূত্রে জানা গেছে, কামরুল ও তার সহযোগী জিহাদ ওই বিদ্যুৎকেন্দ্র থেকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়েছিলেন। এ সময় জিহাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অগ্নিদগ্ধ হয়ে মাটিতে পড়ে যান। কামরুলও বিদ্যুৎস্পৃষ্ট হন, তবে তার আঘাত গুরুতর নয় বলে ৯৯৯-কে জানান।
পরে ৯৯৯ থেকে খবর পেয়ে গাজীপুর চৌরাস্তার ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহত দুই জনকে উদ্ধার করে। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিসের লিডার বুদ্ধদেব সরকার বিষয়টি ৯৯৯ কর্তৃপক্ষকে নিশ্চিত করেন বলে জানান পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।