আশুলিয়ায় বৈশাখী শাড়ি না পেয়ে গৃহবধূর আত্মহত্যা

আশুলিয়াআশুলিয়ায় বাংলা নববর্ষে বৈশাখী শাড়ী না পেয়ে স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। নিহত গৃহবধূর নাম বিথী আক্তার (২৬)। তিনি ঠাঁকুরগাও জেলার ওবায়দুর রহমানের মেয়ে ও আশুলিয়ার বুড়িপাড়া এলাকায় স্বামী শাহিনের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
গত শুক্রবার (১৫ এপ্রিল) রাতে নরসিংহপুরের বুড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের প্রতিবেশীরা জানায়, বৈশাখী শাড়ী কিনে দেওয়াকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার ও শুক্রবার তাদের মধ্যে ঝগড়া হয়। গত শুক্রবার শাহিন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেলে ওই গৃহবধূ নিজ কক্ষের দরজা ভেতর থেকে আটকে দেয়। সন্ধ্যার দিকে স্থানীয়রা অনেক ডাকাডাকির পরও দরজা না খুলায় জানালা দিয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে। এ সময় থানায় খবর দিলে আশুলিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আহাদ হোসেন বলেন, স্বামীর সঙ্গে অভিমান করে ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামীকে জিঙ্গাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
/এসএনএইচ/