রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালী মাজবাড়ীর সংরক্ষিত দুই নারী ইউপি সদস্যকে (নারী মেম্বার) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই শিমুল শেখসহ সঙ্গীয় অফিসার ও সদস্যরা বিকালে জেলার পাংশা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পাংশা পৌরসভার কলেজ রোডের ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে পাকা রাস্তা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।
গ্রেফতাররা হলেন- কালুখালীর মোহনপুরের আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী হামিদা খাতুন (৪৭)। মাজবাড়ীর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর এবং চর কুলটিয়ার সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার। কদর আলী মন্ডলের স্বামী সাজেদা বেগম (৪০)। তিনি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার।
মাজবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম জানান, তার পরিষদের দুই নারী মেম্বার ইয়াবাসহ গ্রেফতার হয়েছে বিষয়টি শুনেছেন। কিন্তু প্রশাসনিকভাবে এখনও তাকে কিছু জানানো হয়নি।