বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। সিফাত আব্দুল্লাহ এনসিপির সমর্থক বলে দলীয় সূত্রে জানা গেছে।
সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র বলে জানা গেছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত আব্দুল্লাহ নামে ওই যুবক বেশ কিছুদিন যাবত প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের সংশ্লিষ্টদেরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য ও লেখালেখি করতেন। সর্বশেষ বৃহস্পতিবার এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে সরকারে সংশ্লিষ্টদের গালিগালাজ করতে দেখা যায় তাকে।
সেখানে তিনি দাবি করেন, তার বাসায় চলতি মাসে ৪ হাজার এবং তার আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে, যা অতিরিক্ত বলে তিনি দাবি করেন। পরে বিষয়টি ভাইরাল হলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা গাছা থানা পুলিশকে জানায়। পরে রাতেই পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তির দায়ে সিফাত আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তাকে রাত ৯টার দিকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।’
এদিকে, রাত ১০টার দিকে সিফাতের ফেসবুক আইডিতে (Sifat Abdullah) একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে লেখা হয়, সিফাত আব্দুল্লাহ গ্রেফতার।