ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মদনপুরে ট্রাকের ধাক্কায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের চিটাগাংরোড থেকে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মদনপুর এলাকায় জাহিন টেক্সটাইল গার্মেন্টসের শ্রমিকদের ছুটির পর এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহিন টেক্সটাইল গার্মেন্টসের শ্রমিকরা ছুটির পর ঢাকামুখী লেন থেকে চট্টগ্রামমুখী লেন পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তিন শ্রমিককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন। আহত হন আরও দুজন।
পরে অন্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় ঘাতক ট্রাকটি আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার প্রতিবাদে রাত ১০টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে চিটাগাংরোড থেকে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। এতে দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা।
মদনপুর এলাকায় যানজটে আটকা পড়া ট্রাকচালক ছবির মিয়া বলেন, ‘সামনে একটি দুর্ঘটনা ঘটেছে। এ কারণে শ্রমিকরা অবরোধ করে বিক্ষোভ করায় যানজটের সৃষ্টি হয়েছে।’
স্থানীয় দোকানদার আব্দুল করিম মিয়া বলেন, ‘মহাসড়ক অবরোধ করার ফলে যানজটের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এখন অবরোধ শেষ হলেও যান চলাচল সহসাই স্বাভাবিক হচ্ছে না।’
কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনজিল আহমেদ বলেন, মদনপুরে ট্রাকের ধাক্কায় এক নারী গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গার্মেন্টস শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ‘আমরা শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি। ট্রাকচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’