নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শুভ দাস (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে চাষাঢ়া পৌর হকার্স মার্কেটের পেছনের গলি থেকে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শুভ দাস চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নগরীর গলাচিপা এলাকায় বিশার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, শহরের চাষাঢ়া হকার্স মার্কেটের পেছনে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ অজ্ঞাত ওই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। প্রথমে নিহতের পরিচয় পাওয়া না গেলেও পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের এএসপি তারেক আল মেহেদী বলেন, ‘নিহতের বুকে গুলির চিহ্ন রয়েছে। তবে শরীরে কতটি গুলি লেগেছে, তা ময়নাতদন্তের পর বলা সম্ভব হবে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত শেষে বলা যাবে।’
তিনি আরও বলেন, ‘নিহতের কাছ থেকে ইয়াবা পাওয়া গেছে। তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ফলে মাদক নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।’