ফেরিতে সাত ঘণ্টায় নারায়ণগঞ্জ থেকে ভোলায় মালামাল পৌঁছাবে: নৌ-মন্ত্রী

রেল, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে দ্বীপ জেলা ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে এর আগে নৌপথে ফেরি সার্ভিসের মাধ্যমে (নারায়ণগঞ্জের কাঁচপুর টু ভোলা) রুটে মালামাল, ব্যক্তিগত গাড়ি এবং বিভিন্ন মালামালের গাড়ি সাত ঘণ্টার মধ্যে ভোলায় পৌঁছতে পারবে। এটা একটা জনবান্ধব ও প্রয়োজনীয় নৌ রুট। 
 
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে ‘ঢাকা-ইলিশা ফেরি সার্ভিস’ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরীক্ষামূলক ফেরি চলাচলে ব্যাপক সাড়া পেয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কিছুদিন ধরে এই রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচলের পর দেখা গেছে, যাত্রী, ব্যক্তিগত গাড়ি, পিকআপ ও পণ্যবাহী ট্রাকসহ মানুষের মধ্যে এ রুট নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। তাই ফেরির সংখ্যা বাড়ানো, সেবার মান উন্নয়ন, শৃঙ্খলা নিশ্চিত এবং যৌক্তিক ভাড়া নির্ধারণের বিষয়ে আলোচনা চলছে। বর্তমানে এ রুটে দুটি ফেরি চলাচল করছে।’

নৌপথে প্রত্যেক বছর লোকসান হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নৌপথে প্রত্যেক বছর ৫ কোটি ৭০ লাখ টাকা লোকসান হয়েছে। সেই লোকসানের কারণ চিহ্নিত করেছি, তার মধ্যে অন্যতম হচ্ছে যাত্রী স্বল্পতা। সুতরাং আমরা যদি যাত্রীবান্ধব নৌ রুট করতে পারি, দূষণমুক্ত নৌ রুট করতে পারি, ওয়াটার বাসের মান-সেবা, নির্দিষ্ট সময়ে যাত্রা এবং এর সাথে স্থল পথের যোগাযোগ ব্যবস্থা রাখা সম্ভব হলে রুটটি জনপ্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে, ওয়াটার চালু করলে আগের মতো লোকসান হয়তো গুণতে হবে না। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী, পরিচালক (প্রশাসন) মো. রবিউল আলম, পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, পরিচালক (কারিগরি) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী, পরিচালক (অর্থ) শেখ মু. নাসিম প্রমুখ।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ভোলার ইলিশা নৌপথে পরীক্ষামূলকভাবে ফেরি সার্ভিস চালু হয়েছে। বর্তমানে ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামের দু’টি ফেরি প্রতিদিন উভয় প্রান্ত থেকে চলাচল করছে।