গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ দুই পথচারী নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পঞ্চবট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরেক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন— কাশিয়ানী উপজেলার পঞ্চবট্টি এলাকার বীর মুক্তিযোদ্ধা ওমর মীর (৭৫) ও জাহিদ মোল্লা (৫০)।
স্থানীয়রা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন ওমর মীর ও জাহিদ মোল্লা। এ সময় একটি বাস তাদের ধাক্কা দিলে দুই জনই গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত ওমর মীরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলেই জাহিদ মোল্লার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই ওবায়দুল কাজী দুই জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে, রবিবার ভোরে ৪টার দিকে একই মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। সেখানে অজ্ঞাত বাসের ধাক্কায় একটি নসিমন দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে ভোরে দুর্ঘটনাটি সংঘটিত হওয়ায় তাৎক্ষণিকভাবে ঘাতক বাসটি বা নিহত নসিমন চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ চালকের পরিচয় ও ঘাতক বাসটি শনাক্ত করতে চেষ্টা চালাচ্ছে।