এনসিপির সেই সিনিয়র যুগ্ম আহ্বায়ককে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার

লাইসেন্স ছাড়া যৌন উত্তেজক ওষুধ তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ইউনানি ওষুধ সংরক্ষণের দায়ে সাজাপ্রাপ্ত ফরিদপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, বায়েজিদের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় দলটির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। 

বহিষ্কারাদেশের সত্যতা স্বীকার করে ফরিদপুর জেলা এনসিপির সদস্যসচিব সাঈদ খান বলেন, ‘তার বহিষ্কারাদেশের বিষয়টি সত্য। ব্যক্তির অপরাধের দায় নিশ্চয়ই রাজনৈতিক দল হিসেবে আমরা নিতে পারি না। আমার দল অবশ্যই সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে।’

অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে এনসিপিরর ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।