বুক ফাটিয়ে বলবো ওরা রাজাকার ও দেশের শত্রু, রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী

১৯৭১ সালের মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি ও ধর্ম নিয়ে রাজনীতি করা চক্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। বুক ফাটিয়ে বলবো, ওরা রাজাকার। বাংলার জমিনে ওদের রাজনীতিতে কোনও স্থান নেই।’

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‌‘ধর্মকে ব্যবহার করে একটি গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা চালিয়েছে। তারা গত নির্বাচনে জয়লাভ করার জন্য মোনাফেকি করেছে। আল্লাহর সঙ্গে শরিক করে বলেছে অমুক মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যায়। এরা রাজাকার, এরা দেশের শত্রু।’

১৯৭১ সালে পাকিস্তানি হানাদারদের সঙ্গে রাজাকারদের যোগসাজশ, গণহত্যা এবং নারী নির্যাতনের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘যারা মা-বোনদের তুলে নিয়ে ধর্ষণ করাতো, বুদ্ধিজীবীদের দড়ি দিয়ে বেঁধে নিয়ে হত্যা করতো, সেই রাজাকারদের হাতে কি আমরা দেশ তুলে দিতে পারি?’

সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ চলছে। আমাদের লক্ষ্য জনগণের মন জয় করে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করা। কোনও অনিয়ম ও দুর্নীতির সঙ্গে আমরা জড়াবো না।’