প্রিজনভ্যান থেকে পালানো পিচ্চি রাজা দুই দিনেও অধরা

ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কারাগারে নেওয়ার পথে টয়লেটে যাওয়ার কথা বলে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় গাজীপুরের কোনাবাড়ি থানায় মামলা করেছে পুলিশ। ওই মামলায় একমাত্র আসামি পিচ্চি রাজা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ি থানার ওসি ইফতেখার হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় কোনাবাড়ি থানার এসআই বিশ্বজিৎ মজুমদার বাদী হয়ে মামলা করেছেন। ২৫ মামলার আসামি পলাতক রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে। আসামি পলায়নের ঘটনায় এর আগে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত গঠন করেছে পুলিশ।

প্রসঙ্গত, রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরা দেওয়ার জন্য প্রিজন ভ্যানে নিয়ে যায়। হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফেরার পথে গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় পৌঁছালে রাজা টয়লেটে যাওয়ার কথা বলেন। পরে আনা-নেওয়ার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে টয়লেটে নিয়ে গেলে কৌশলে পালিয়ে যান।

গত ১৯ মে নেপাল থেকে ফেরার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়। তখন তার সঙ্গে তার স্ত্রী ও শ্যালকও ছিলেন।

পুলিশ বলছে, পিচ্চি রাজা ঢাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তাকে দীর্ঘদিন ধরেই খোঁজা হচ্ছিল। তার বিরুদ্ধে কমপক্ষে ২৫টি মামলার তথ্য পাওয়া গেছে।

এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর একবার পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়েছিল। সে সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করার তথ্য দিয়েছিল পুলিশ।

পিচ্চি রাজা মূলত ঢাকার মোহাম্মদপুরের জেনিভা ক্যাম্পকেন্দ্রিক একটি মাদকচক্রের হোতা বলে পুলিশের তথ্য। সেখানে বিবদমান কয়েকটি মাদকচক্রের মধ্যে গত আড়াই বছরে একাধিক রক্তক্ষয়ী সংঘাত হয়েছে।