জঙ্গলে কান্নার শব্দ শুনেই দৌড়ে যান এসআই, ধর্ষণ থেকে রক্ষা করলেন নারীকে

ঢাকার সাভারে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মিনি চিড়িয়াখানা সংলগ্ন জঙ্গলে সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

এ সময় সাভার মডেল থানার এসআই মোস্তাকিম বিল্লার তৎপরতায় ওই নারীকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এসআই মোস্তাকিম বিল্লা।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে সিঅ্যান্ডবি এলাকা থেকে ওই নারী পোশাক শ্রমিককে অনুসরণ করছিল আমিনুল। সাভার মিনি চিড়িয়াখানা এলাকার একটি নির্জন স্থানে পৌঁছালে পেছন থেকে ওই নারীর ওপর হামলা করে আমিনুল। পরে তাকে টেনেহিঁচড়ে মহাসড়কের পাশের ঘন জঙ্গলের ভেতরে নিয়ে যায়।

এসআই মোস্তাকিম বিল্লা জানান, ঘটনার সময় তিনি মিনি চিড়িয়াখানার গেটের কাছাকাছি এলাকায় দায়িত্ব পালন করছিলেন। একপর্যায়ে পাশের জঙ্গল থেকে কান্নার মতো শব্দ শুনতে পান। বিষয়টি বুঝতে পেরে দেরি না করে পুলিশ ওই এলাকায় যান। পরে চিড়িয়াখানার প্রহরীদের সঙ্গে নিয়ে টর্চলাইটের আলোয় জঙ্গলে তল্লাশি শুরু করেন।

তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে এবং টর্চের আলো দেখতে পেয়ে আমিনুল জঙ্গল থেকে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে জঙ্গলের ভেতর থেকে ওই নারীকে নিরাপদে উদ্ধার করা হয়। আটক আমিনুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর থানার মৃত বাবু শেখের ছেলে। সে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকায় বসবাস এবং সেখানে হাওয়াই মিঠাই বিক্রি করে। এ ঘটনায় ভুক্তভোগী সাভার মডেল থানায় মামলা করেছেন।