রাজবাড়ীতে নিখোঁজের চার দিন পর চৌধুরী ফুয়াদ হাসান রোহান (২১) নামে এক কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি মেহগনি বাগানের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রোহান রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। রোহান দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. রোকনউদ্দিন চৌধুরীর নাতি এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের মামাতো ভাই।
পুলিশ ও স্বজনরা জানান, গত সোমবার (৫ অক্টোবর) বেলা ৩টার দিকে বাড়ি থেকে বের হন রোহান। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে পরদিন রাজবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রোহানের বাবা ফরহাদ চৌধুরী।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির অদূরে একটি মেহগনি বাগানের ডোবায় স্থানীয়রা বস্তাবন্দি একটি মরদেহ দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মেহগনি বাগানের একটি ডোবা থেকে রোহানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
ঘটনার পর রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।