আগুনের তীব্রতা বাড়ছে টঙ্গীর কারখানায়, ২০ ইউনিট নিয়েও নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা বাড়তে থাকায় তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। সেনাবাহিনীর অংশ নেওয়ার তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার স্টেশন থেকে তিনটি, উত্তরা থেকে তিনটি, গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশন থেকে চারটি, কুর্মিটোলা থেকে চারটি, রাজেন্দ্রপুর থেকে দুটি এবং পূর্বাচল থেকে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়েছে মিরপুর থেকে পাঠানো একটি হ্যাজম্যাট টেন্ডার।

সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহায়তা করছেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।