সাভারে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সাভারসাভারে দুটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে খইমুদ্দিন (৪০) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সাভার থেকে গাছ বোঝাই একটি ট্রাক রাস্তা পরিবর্তন করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গাছ বোঝাই ট্রাকের চালক খইমুদ্দিন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত আরও ৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহত ট্রাক চালকের লাশ ও দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়তে পারেন: সাকিব আল হাসানের নানির ইন্তেকাল

/এমও/