ফরিদপুরে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে হত্যার ঘটনায় সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে পিবিআই ফরিদপুর জেলা কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) রবিউল ইসলাম। এতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জানান, ২০২২ সালের ১৬ জুলাই রাত সাড়ে ৮টার দিকে পাঁচ সদস্যের একটি ছিনতাইকারী চক্র শহরের গোয়ালচামট পুরাতন বাসস্ট্যান্ড থেকে ২০০ টাকা ভাড়ায় তালমা যাওয়ার কথা বলে একটি ইজিবাইক ভাড়া করে। পরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাখুন্ডা এলাকায় পৌঁছালে রুমালে চেতনানাশক ব্যবহার করে চালক বিশ্বনাথ সরকারকে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা।
পরে স্থানীয় লোকজন চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে পরদিন সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে রবি কুমার সরকার বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা ও ছিনতাইয়ের মামলা করেন।
এসপি রবিউল ইসলাম জানান, মামলাটি দায়েরের প্রায় তিন মাস পর তদন্তের দায়িত্ব পায় পিবিআই। ছিনতাই হওয়া ইজিবাইকের হুটের সূত্র ধরে দীর্ঘ অনুসন্ধান ও তদন্তের পর একে একে তিনজনকে গ্রেফতার করা হয়।
সর্বশেষ গত ১৪ অক্টোবর রাতে ফরিদপুর শহরের ফলপট্টি এলাকা থেকে মুরাদ শেখকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে পাঠানো হলে তিনি চালককে হত্যা ও ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।
গ্রেফতার মুরাদ শেখ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সিরাজ শেখের ছেলে। এ ঘটনায় এর আগে গ্যারেজমালিক কামাল ও ছিনতাইকারী সুমন আহমেদ নামে আরও দুজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।