একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই

নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় স্বামী-স্ত্রীসহ দগ্ধ চার জনই মারা গেছে। সর্বশেষ দগ্ধ রনি (১৯) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।

এর আগে ১৪ অক্টোবর বিকালে দগ্ধ রোজিনা (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে ১৫ অক্টোবর ভোরে নিহত রোজিনার স্বামী শরীফ (৩৪) ও দুপুরে রোজিনার ভাই রিয়াজ (২২) মারা যায়। তাদের মধ্যে রোজিনার শরীরের ৬০, শরীফের ৪০, রিয়াজের ৪০ ও রনির ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।

উল্লেখ্য, গত শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরের সোনাপুরে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে চার জন দগ্ধ হন।

দগ্ধরা হলেন বাড়ির ভাড়াটিয়া রোজিনা, তার স্বামী শরীফ, রোজিনার ভাই রিয়াজ, ভাড়াটিয়া রনি। পরে আশপাশের লোকজন বিস্ফোরণের শব্দ পেয়ে ছুটে এসে গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।