জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় ছয় জন আন্দোলনকারীর লাশ পোড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়া আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আবজালুল হক কারামুক্ত হয়েছেন। এ নিয়ে জুলাই আন্দোলনের প্রথম কোনও মামলার আসামি কারামুক্ত হলেন।
গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে খালাস দেন। পরবর্তীতে গত ১৩ অক্টোবর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান তিনি। সোমবার (১৯ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. আরিফুর রহমান।
এই মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ছয় জনকে মৃত্যুদণ্ড, সাত জনকে যাবজ্জীবন এবং দুজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং শেখ আফজালুল হককে খালাস দেওয়া হয়। জুলাই আন্দোলনের কোনও মামলায় ট্রাইব্যুনালের রায়ে খালাস পেয়ে কারামুক্ত হওয়ার এটিই প্রথম ঘটনা। এই মামলায় মোট আসামি ১৬ জন। তাদের মধ্যে আট আসামি গ্রেফতার আছেন। অন্য আট আসামি পলাতক।
গ্রেফতার অন্য সাত আসামি হলেন—সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক, আরাফাত উদ্দীন ও কামরুল হাসান, সাবেক কনস্টেবল মুকুল চোকদার। মামলার পলাতক আসামিদের মধ্যে আছেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দিনে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোসহ সাত জনকে হত্যার দায়ে গত ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।