ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার

ঢাকার ধামরাইয়ে তিন পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটকের পর পরিবারের কাছে ঘুষ দাবির অভিযোগে আসায় আল মামুন নামে ধামরাই থানার এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান। তিনি বলেন, ওই কর্মকর্তাকে রাজারবাগ পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে। 

তবে কী অভিযোগে এই বদলি করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

সম্প্রতি ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের দ্বিতীয় মহিষাসী এলাকায় হান্নান মৃধা নামে এক ব্যক্তিকে তিন পিস ইয়াবাসহ আটক করেন ধামরাই থানার এএসআই আল মামুন

হান্নান মৃধার পরিবার দাবি করে, আটকের পর তাকে ২০০ পিস ইয়াবাসহ আটক দেখিয়ে মামলায় ফাঁসানোর হুমকি দেন। তাকে ছেড়ে দিতে স্ত্রীর কাছে ৭০ হাজার টাকা দাবি করেন। একপর্যায়ে ১৫ হাজার টাকা দেন ওই এএসআইকে। তবে তিনি আরও ১৫ হাজার টাকা দাবি করেন। বিষয়টি নিয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। এরই জেরে গতকাল এএসআই আল মামুনকে প্রত্যাহার করা হয়। 

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, তিনি এ বিষয়ে কোনও লিখিত আদেশ পাননি। মৌখিক নির্দেশনার ভিত্তিতে ওই পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে পাঠিয়ে দিয়েছেন। তাকে ক্লোজড করা হয়েছে, নাকি সাময়িক বরখাস্ত করা হয়েছে, তা আদেশ পেলে বুঝতে পারবেন। অভিযোগের বিষয়টিও তাকে স্পষ্ট করে জানানো হয়নি। আদেশে এ বিষয়ে বিস্তারিত লেখা থাকবে।