‘থানার সামনে থেকে আটক যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’

গাজীপুরের শ্রীপুরে মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের আটজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর শ্রীপুর থানা ফটকসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন আতিকুর রহমান, আরিফুল ইসলাম, জুনাইদ মিয়া ও মোমেন। বাকি চারজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আটক ব্যক্তিদের দলীয় পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় কয়েকটি সূত্রের ভাষ্য, শুক্রবার দুপুরে শ্রীপুর থানা ফটকের কাছাকাছি একটি স্থান থেকে যুবলীগের নেতা-কর্মীরা মিছিল বের করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাদের ধাওয়া দেন। পরে মিছিলকারীরা শ্রীপুর মধ্যবাজারের দিকে চলে যান। সেখান থেকে আটজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম। তবে তার ভাষ্য, মিছিলটি থানার সামনে নয়, মধ্যবাজার এলাকায় হয়েছে।

ওসি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধে পুলিশ কাজ করছে।