সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরের আগুন

গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে লাগা আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

শনিবার সকাল পৌনে ১১টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর পশ্চিম শৈলডুবী এলাকায় সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল ইসলাম চৌধুরী জানান, সুপ্রিম গার্মেন্টসের কার্টনের গোডাউনে আগুন লাগার পর পাশের আমার দেশ এগ্রো লিমিটেডের ভাড়া নেওয়া ডিবিএল গ্রুপের সুতার গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের গাজীপুর, ডিবিএল, সারাবো, ইপিজেড ও ভোগড়া বাইপাস স্টেশনের ৯টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে টিনশেড গোডাউনে থাকা কার্টন, ঝুট ও সুতা পুড়ে গেছে।

আমার দেশ এগ্রো লিমিটেডের নিরাপত্তা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গোডাউনে ভারতীয় ও লেকরা ব্র্যান্ডের সুতা ছিল। এসব সুতার প্রতি কেজির দাম প্রায় ১ হাজার ৪০০ টাকা বলে তিনি উল্লেখ করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, সকাল পৌনে ১১টার দিকে সুপ্রিম গার্মেন্টসের কেমিক্যাল গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের কার্টন ও ঝুটের গোডাউন এবং আমার দেশ এগ্রো লিমিটেডের ভাড়া দেওয়া ডিবিএল গ্রুপের সুতার গোডাউনে ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে যাওয়ার সড়কটি অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে পৌঁছাতে সময় লেগেছে। এ ছাড়া পানির সংকটের কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হয়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।