গাজীপুরের শ্রীপুরে নারিশ হ্যাচারির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতা সিদ্দিকুর রহমান নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে শ্রীপুর রেল স্টেশনের লেভেল ক্রসিংয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এরপর ট্রাকচালক পালিয়ে গেছেন।
নিহত সিদ্দিকুর রহমান (৫০) শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং শ্রীপুর বাজারের ব্যবসায়ী। তিনি শ্রীপুর পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ছিলেন।
শ্রীপুর থানার ওসি মোহামম্দ শাহিনুর আলম বলেন, শ্রীপুর রেল স্টেশনের লেভেল ক্রসিংসংয়ে নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। চালককে শনাক্ত এবং দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।