গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুরে ইউনিয়ন পরিষদের নির্বাচনের এক প্রার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম আক্তার হোসেন খন্দকার (৪৫)। মঙ্গলবার রাতে গাজীপুর সদর উপজেলার বনকড়া আমুনা এলাকায় এ ঘটনা ঘটে।
আক্তার হোসেন প্রহ্লাদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য পদ প্রার্থী এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
নিহতের ভাতিজা লতিফ খন্দকার জানান, মঙ্গলবার রাতে নির্বাচনি এলাকায় গণসংযোগ শেষে গাজীপুর সদর উপজেলার আমুনা গ্রামে তার এক আত্মীয়ের জানাজা পড়তে যান আক্তার হোসেন। জানাজা শেষ হয় রাত সাড়ে ৯টার দিকে। নামাজ শেষে তিনি ও তার চাচাতো ভাই জমির খন্দকার মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বনকুড়া আমুনা এলাকায় রাস্তা খারাপ হওয়ার কারণে জামির মোটরসাইকেল থেকে নেমে হাঁটতে থাকেন। আক্তার হোসেন গতি কমিয়ে মোটরসাইকেল নিয়েই এগোচ্ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত আক্তার হোসেনকে ঘিরে ধরে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়তে পারেন: চতুর্থ ধাপে নীলফামারীতে ইউপি নির্বাচন ৭ মে
খবর পেয়ে রাত ১২টার দিকে জয়দেবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
/এসটি/