এই সরকার জুলাই গণঅভ্যুত্থানের ফসল: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘এই সরকার জুলাই গণঅভ্যুত্থানের ফসল। গণঅভ্যুত্থানে হাজারো মানুষের জীবনদান, আহত ও পঙ্গুত্ব বরণ করছেন তাদের কারণেই নির্বাচন ও সরকারের ক্ষমতায় যাওয়া সম্ভব হয়েছে। রাজনীতিসহ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যাতে আহত ভাইবোনদের প্রতি সরকারের দৃষ্টি থাকে এবং প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যাতে গাফিলতি না হয়।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালায় জুলাই আন্দোলনে স্থায়ী পঙ্গুত্ব বরণ করা বাপ্পিকে দেখতে এসে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘তাদের প্রতি যে কমিটমেন্ট ছিল আর্থিক সহযোগিতা, তাদের পুনর্বাসন, তাদের পরিবারের সহযোগিতা, সামাজিক ও রাজনৈতিকভাবে সুরক্ষার প্রয়োজন। তবে একটা দলের পক্ষের যতটা সম্ভব, সরকারের পক্ষে অনেক বেশি সম্ভব। অনেক কিছু অন্তবর্তীকালীন সরকারের সময়ই করা হয়েছে। সরকারের শুধু সেগুলো দেখভাল করতে হবে।’

বর্তমানের সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘তারা এই দেশের বীর, তাদের বীরত্বের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা যা কিছু করতে পারতেছি, স্বপ্ন দেখছি তাদের কারণেই সম্ভব হয়েছে। তাদেরকে কখনও যেন আমরা ভুলে না যাই। তারা হয়তো বাকি জীবন সুস্থ জীবন ফিরে পাবে না। রাষ্ট্র হিসেবে জনগণ হিসেবে তাদের পাশে থাকতে হবে।’