‘দেশ বেপরোয়া হয়ে উঠেছে, এ অবস্থায় স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন সম্ভব নয়’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক। দেশ কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে— তা নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন। গণঅভ্যুত্থানের পর দেশের পরিস্থিতি এমন হওয়ার কথা ছিল না। সরকারের সময় যত যাচ্ছে, ততই মনে হচ্ছে দেশ যেন পেছনের দিকে এগিয়ে যাচ্ছে। সারা দেশে বিএনপির ছত্রছায়ায় দেশ বেপরোয়া হয়ে উঠেছে। দলটির ক্যাডার বাহিনী দিয়ে মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছে।’

তিনি বলেন, ‘সরকারদলীয় অন্তর্কোন্দলে কয়েকশ মানুষ নিহত ও আহত হয়েছেন। নির্বাচন কমিশন দলীয়করণ হয়েছে, পুলিশ প্রশাসনও দলীয়করণ হয়েছে এবং নতুন করে সেই প্রবণতা তৈরি হচ্ছে। এ অবস্থায় স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব নয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে আমরা সংস্কারের প্রস্তাব দেবো।’

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে পাঁচ জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘দেশে এত মাদকের স্পট চিহ্নিত করা হলেও সেগুলোর বিরুদ্ধে কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বাংলাদেশ একটি ‘‘মাফিয়া স্টেট’’-এ পরিণত হয়েছে। আগে থেকেই এ পরিস্থিতি ছিল, এখনও কোনও পরিবর্তন হয়নি। একদিকে সন্ত্রাসীদের হাতে অস্ত্র, অন্যদিকে প্রতিমন্ত্রীদের হাতেও অস্ত্র—এটাকেই মাফিয়া স্টেট বলে। ফ্যাসিবাদ, স্বৈরাচার ও নতুন চাঁদাবাজেরা এখন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘১১-দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়া হবে। সেই প্রস্তাবনার ভিত্তিতেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত হয়েছে। বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে বিলুপ্ত হয়েছে।’

এনসিপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষ ও ছাত্র-জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদকে উৎখাত করেছে। আওয়ামী লীগের কোনো তৎপরতা নেই; বরং পার্শ্ববর্তী একটি দেশ বাংলাদেশকে চাপে রাখার জন্য তাদের ব্যবহার করছে। আওয়ামী লীগ পরাজিত হলেও তাদের দোসররা এখনও রয়ে গেছে।’

এনসিপি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার নেতাকর্মীরা অংশ নেন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।