গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে থানা পুলিশ। অভিযানে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর পাগার (আলেকটেক) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাজমুল ইসলাম বাপ্পি টঙ্গীর পাগার (আলেকটেক) এলাকার তাইজুল ইসলামের ছেলে।
বাপ্পির দাবি, কয়েক বছর আগে প্রবাস থেকে দেশে ফেরেন তিনি। এরপর এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। প্রেমিকার কাছ থেকে আঘাত পেয়ে মাদকাসক্ত হয়ে পড়েন। এরপরই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা করেন। ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে নিজেই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে নাজমুলের বাড়ির ওপর নজরদারি করছিল পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।
ওসি আরও জানান, বাপ্পির বাড়ির চতুর্থ তলায় ইয়াবা তৈরির কারখানা ও রাসায়নিক উপাদান মজুত থাকার তথ্য পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়েছে। ইয়াবা তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান সে মজুত করেছিল। সেখানে একটি ল্যাব ও গোপন কক্ষ রয়েছে। কক্ষটি বাড়ির ভেতরের দিকে এমনভাবে তৈরি করা হয়েছিল, যাতে সহজে সেখানে যাওয়া যায় না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি ইয়াবা তৈরির উদ্দেশ্যে এসব রাসায়নিক উপাদান সংগ্রহের কথা স্বীকার করেছে।