নামাজ পড়ে ফেরার পথে ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেলো দুই বৃদ্ধের

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সিরাজদিখান উপজেলার রামানন্দন গ্রামের মৃত লেচু সরকারের ছেলে নেকবর আলী সরকার (৬৫) এবং গয়াতলা দক্ষিণপাড়া এলাকার মৃত শহর আলী দেওয়ানের ছেলে কাইয়ুম দেওয়ান (৭৫)। আহত হাশেম বেপারী (৭০) একই এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে কয়েকজন বৃদ্ধ মসজিদের সামনে দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সিরাজদিখান থেকে বালুচরগামী নম্বরবিহীন একটি বালুভর্তি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নেকবর আলী সরকার ও কাইয়ুম দেওয়ানকে মৃত ঘোষণা করেন। আহত হাশেম বেপারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

হাশেম বেপারী জানান, ফজরের নামাজ শেষে তারা মসজিদের সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় হঠাৎ একটি ড্রাম ট্রাক তাদের ওপর উঠে যায়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে কী ঘটেছে, তা আর বলতে পারেননি।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, সকালে স্থানীয় লোকজন তিনজন বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই দুই বৃদ্ধের মৃত্যু হয়েছিল।

সিরাজদিখান থানার ওসি আলাউদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।