অপহরণকারীদের ফোনকলের সূত্র ধরে ১২ ঘণ্টায় উদ্ধার অপহৃত, গ্রেফতার ৩

গাজীপুরের শ্রীপুরে অপহরণের অভিযোগ পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। এ ঘটনায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার, তিনটি মুঠোফোন ও নয়টি সিম কার্ড জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন বরগুনার আমতলী উপজেলার পচা করালিয়া গ্রামের জাকির হোসেন (৩৫), পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া গ্রামের হামিদুল (৩২) এবং একই উপজেলার নন্দীপাড়া গ্রামের রাজিব কাজী (২৮)।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম আরিফ হোসেন (৩৭)। তিনি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কর্মরত।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৫টায় এসআরবি-১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।

ক্যাপ্টেন ইফতেখার আহমেদ জানান, গত রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে প্রতিষ্ঠানের মাসিক সভায় যোগ দিতে ঢাকায় যাচ্ছিলেন আরিফ হোসেন। পথে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটি প্রাইভেটকারে তাকে অপহরণ করা হয়।

পরে সকাল সাড়ে ৮টার দিকে অপহরণকারীরা মুক্তিপণ ও চাঁদা দাবি করে আরিফের স্ত্রী তানিয়া আক্তারের (৩০) মুঠোফোনে কল দেয়। এ ঘটনায় তিনি শ্রীপুর থানায় জিডি করেন। একই দিন বেলা সাড়ে ১১টার দিকে এসআরবি-১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পেও অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে এসআরবি-১-এর একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। ওই দিন বিকাল সোয়া ৪টার দিকে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার পেপসি গেট (এমপি চেকপোস্ট) থেকে আরিফ হোসেনকে উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত প্রাইভেটকারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এ ঘটনায় আরিফের স্ত্রী তানিয়া আক্তার গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করেছেন। মামলাটি ২ নম্বর হিসেবে নথিভুক্ত হয়েছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, মঙ্গলবার দুপুরে গ্রেফতার তিনজনকে গাজীপুর আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।